‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’—এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখে বর্ষবরণ পর্ষদ মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া গান, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয়সহ নানা সাংস্কৃতিক কর্মসূচি দিনভর চলবে।

আজ সোমবার বিকেলে বর্ষবরণ পর্ষদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষে এই দিনব্যাপী আয়োজন শুরু হবে সকাল ৯টায় শিশুদের নেতৃত্বে সমবেত কণ্ঠে গানের মধ্য দিয়ে। তারা জাতীয় সংগীত, ধনধান্য পুষ্প ভরা এবং এসো হে বৈশাখ—এই তিনটি গান পরিবেশন করবে। এরপর সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ২৭ নম্বরের মীনাবাজারের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা রাপা প্লাজা ঘুরে ২৭ নম্বর সড়ক, ছায়ানট, স্টার কাবাব হয়ে আবার অনুষ্ঠানস্থলে ফিরে আসবে। বেলা ১১টা থেকে মীনাবাজার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হবে। সেখানে ব্রতচারী ও ঢালীনৃত্য, মূকাভিনয়, একক আবৃত্তি, একক গান পরিবেশনা রয়েছে।

বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নবিরতির পর বৈকালিক অধিবেশন শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন শাখা সংসদ, উঠোন, তপোবন, খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সমবেত কণ্ঠে সংগীত থাকবে। এছাড়া বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র, উদীচী, স্রোত, কথা আবৃত্তি চক্রসহ বিভিন্ন সংগঠনের বাচিক শিল্পীরা।

একক সংগীত পরিবেশনায় থাকবেন মকবুল আহমেদ, সুকুমার বিশ্বাস, নারায়ণ চন্দ্র শীল, পীযূষ বড়ুয়া, মনিরা রওনক বুবলি, আখি হালদার, শাওন রায়, অরুনিমা আহমেদ প্রথমা, শিল্পী সাহা। একক আবৃত্তিতে মঞ্চে উঠবেন বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, নায়লা তারান্নুম কাকলি, মো. মাসুদ উজ জামান, শিখা সেনগুপ্তা, অনিকেত রাজেশ, শাহদাত হোসেন নিপু, ইকবাল খোরশেদ, অলক বসু, শাহীদা ফাল্গুনী, মোস্তাফিজুর রহমান মামুন, মেহেদী হাসান প্রমুখ। ব্রতচারী নৃত্য পরিবেশন করবে তক্ষশীলা বিদ্যালয়, আর মূকাভিনয় করবে রঙ্গন আহমেদ। সম্পূর্ণ অনুষ্ঠানমালা শেষ হবে সরদার হিরক রাজা ও তাঁর সঙ্গীদের বাউলগান পরিবেশনার মধ্য দিয়ে।