দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড ব্যবসায়িক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতিতে তার শীর্ষ অংশীদারদের পুরস্কৃত করেছে। রাজধানীর বনানী অঞ্চলের এক হোটেলে গত শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে এ সম্মাননা দেওয়া হয়। আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জসিম উদ্দিন। এছাড়া আকিজ অ্যাগ্রো ফিডের সিইও এ টি এম হাবিব উল্লাহ; আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, প্রধান অর্থ কর্মকর্তা সাবিহা ইয়াসমিনসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি দেশের ফিড শিল্পে অভূতপূর্ব নজির স্থাপন করেছে। বর্তমানে গবাদিপশু, পোলট্রি ও মৎস্য খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে তার কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, ‘ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও বিশ্বাস আকিজ অ্যাগ্রো ফিডকে স্বল্প সময়ের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই পুরস্কার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক।’

আকিজ অ্যাগ্রো ফিডের সিইও এ টি এম হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য, দেশের খামারি সমাজকে স্বাবলম্বী করে তোলা, উৎপাদনে নতুন মাত্রা যোগ করা এবং আকিজ অ্যাগ্রো ফিডকে লাইভস্টক শিল্পে একটি বিশ্বস্ত নাম হিসেবে তুলে ধরা। সেই সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারদেরও নিজ নিজ ব্যবসার ধারাবাহিকতা ও উৎকর্ষ বজায় রাখতে অনুপ্রাণিত করা।’