মুক্তকণ্ঠ ট্রাস্টের আয়োজনে অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি সভাটি সম্পন্ন হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান এতে আলোচক ছিলেন। তিনি ‘মনের জট খুলুন: মানসিক চাপ কমানোর কৌশল’ বিষয়ে আলোচনা করেন। এ আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।

আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ বা 'মেন্টাল স্ট্রেস' আমাদের সঙ্গী হয়ে উঠেছে। মনে জমা হওয়া নানা জটিলতা দিনের শেষে তীব্র চাপ সৃষ্টি করে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করছে। এ ব্যাপারে মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান বলেন, “ঘরোয়া কিছু সহজ অভ্যাসের মাধ্যমেই এই প্রাথমিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মানসিক চাপ অনুভূত হলে তাৎক্ষণিকভাবে ইতিবাচক কোনো স্মৃতি মনে করার চেষ্টা করতে হবে। প্রিয়জনের সান্নিধ্য, বিশেষ করে শিশুদের সাথে সময় কাটানো মনকে দ্রুত শান্ত করে। এছাড়া ডায়েরি লেখা বা নিজের অনুভূতিগুলো কাগজে কলমে প্রকাশ করা একটি কার্যকর থেরাপি হতে পারে।” দীর্ঘমেয়াদী মানসিক অস্থিরতা এড়াতে প্রতিদিনের রুটিনে এসব ছোটখাটো পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।