সাতক্ষীরার দেবহাটায় এক মুদিদোকানের আড়ালে ৩ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল মজুত ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তেল উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রবিবার সন্ধ্যায় র‌্যাব-৬–এর সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল দেবহাটা উপজেলায় মজুতবিরোধী অভিযান চালায়। এ সময় ‘লাকী স্টোর’ নামক মুদিদোকানে ৩৪টি ড্রামে ৩ হাজার ৪০০ লিটার শর্ষে ও রাইস ব্র্যান তেল পাওয়া যায়। মূলত দোকানের নিবন্ধন নিয়ে সেখানে ভোজ্যতেল মজুত করা হয়েছিল। পরবর্তীতে দোকানের মালিককে কৃষি বিপণন আইন, ২০১৮–এর ১৯(১) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, র‌্যাব-৬, সিপিসি-১ ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা।