সান্তিয়াগো বার্নাব্যুতে রক্তাক্ত ভ্রু নিয়ে ব্যথায় কাতর হয়ে উঠলে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে শঙ্কা জেগেছিল কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে।

তবে বায়ার্ন মিউনিখের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে এমবাপ্পের ফিটনেস নিয়ে সুসংবাদ এসেছে। ‘দ্য অ্যাথলেটিক’-এর সাংবাদিক মারিও কোর্তেহানা জানিয়েছেন, এমবাপ্পের চোট গুরুতর নয় এবং বায়ার্নের বিপক্ষে তাঁকে পাওয়ার কোনো বাধা নেই। রিয়াল মাদ্রিদও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে জিরোনা ম্যাচের পর এমবাপ্পের ডান ভ্রুতে কয়েকটি সেলাই লেগেছে। ব্যথার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে অনুশীলনে নামানো হয়নি, তবে কোনো বড় ক্ষতি হয়নি।

গত শুক্রবার জিরোনার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে রিয়ালের জন্য দ্বিগুণ ধাক্কা লেগেছিল। লিগে পয়েন্ট হারানোর পাশাপাশি ৮৮ মিনিটে বক্সে ঢোকার সময় জিরোনা ডিফেন্ডার ভিতোর রেইসের কনুইয়ের আঘাতে এমবাপ্পে চোট পান। মাঠ ত্যাগের সময় তাঁর ডান ভ্রু বেয়ে রক্ত ঝরতে দেখে সমর্থকরা আতঙ্কিত হয়ে পড়েন।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে আলভারো আরবেলোর দল। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ঘুরে দাঁড়াতে হলে এমবাপ্পের মতো ‘গেম চেঞ্জার’ খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে।

ঘটনাটি মাঠের বাইরেও বিতর্কের জন্ম দিয়েছে। লা লিগার অফিশিয়াল সম্প্রচারে এমবাপ্পের রক্তাক্ত অবস্থার কোনো দৃশ্য দেখানো হয়নি। পরে স্থিরচিত্রে আঘাতের গভীরতা বোঝা যায়। লা লিগা কর্তৃপক্ষ সেন্সরশিপের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলের সীমাবদ্ধতার কারণেই দৃশ্যটি ধরা পড়েনি।