আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান কারাগারবাসী আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন নামে পরিচিত)। এজন্য নির্বাচনের ফর্মে তাঁর স্বাক্ষরের ব্যবস্থা করতে আজ রোববার ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এই আবেদনটি দিয়েছেন।

মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলে আইনজীবী লিটন আহমেদ জানান, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিলে শেষ হচ্ছে। প্রার্থী হওয়ার জন্য নির্বাচনের ফর্মে সুমনের স্বাক্ষর দরকার। এই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আজ ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ সত্তরের বেশি ব্যক্তি গ্রেপ্তার হন। একই বছরের ২২ অক্টোবর সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।