রাজধানীর মৌচাক এলাকার উড়ালসেতু থেকে পুলিশ একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে। মরদেহের অবস্থা এতটাই খারাপ যে নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মৌচাক মোড়ে উড়ালসেতুর ওপর থেকে পোড়া মরদেহটি উদ্ধার করা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯-এ খবর দেন।

আজ রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মরদেহের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় বয়স বা লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক বিভাগকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, গত শুক্রবার রাতে উড়ালসেতুর ওই অংশে আগুন লাগার একটি ঘটনা ঘটেছিল, যা ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। কীভাবে ওই ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছেন বা কীভাবে সেখানে মরদেহটি এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।