রাজধানীর মেরুল বাড্ডার রাজউক পুনর্বাসন প্রকল্প ডিআইটি প্রজেক্ট মাঠে বৈশাখী মেলা আয়োজনের উদ্যোগে বাধা দেখা দিয়েছে। পুলিশের বক্তব্য, স্থানীয় দুই পক্ষের মুখোমুখি হওয়ায় মেলা বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় এক সূত্র জানায়, বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী মিলে এই মেলার আয়োজন করছিলেন। কিন্তু বিএনপির আরেক পক্ষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নিয়ে মেলায় বাধা দিয়েছে। এক সপ্তাহ ধরে সেখানে মেলার প্রস্তুতি চলছিল। আজ রোববার বাধার মুখে আয়োজকেরা দোকানপাট খুলে ফেলেন।

মেলায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সৈকত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "অনুমতি ছাড়া আবাসিক এলাকায় মেলা আয়োজন করায় তাঁরা বাধা দিয়েছেন।"

আয়োজক মুন্সী আতিকুর রহমান পারভেজ মুক্তকণ্ঠকে বলেন, দক্ষিণ বারিধারা সোসাইটি বৈশাখী মেলা আয়োজনের অনুমতি দিয়েছে। মাঠের মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছেও অনুমতির আবেদন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যুবদল নেতা সৈকত আলী এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের বাড্ডা থানা শাখার সভাপতি আশরাফ উদ্দিন বাবর এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মেলায় বাধা দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, "যথাযথ কর্তৃপক্ষ মেলার অনুমতি দিলে সেখানে মেলা আয়োজনে কোনো বাধা নেই।" তবে মেলা নিয়ে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষ আয়োজন চায়, অন্য পক্ষ বাধা দিতে চাইছে।