রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আজ রোববার বিকেলে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক মুক্তকণ্ঠকে জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।

শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তাঁর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।