বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারকা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের অশোভন আচরণ দলে গ্রহণযোগ্য নয়।

সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সম্প্রতি কয়েক তারকার মনোনয়ন প্রত্যাশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও দলের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে রিজভী কড়া অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, দলে সেলিব্রিটিরা আসা অস্বাভাবিক নয়। বিশ্বের অনেক দেশে সেলিব্রিটিরা রাজনীতিতে যোগ দেন। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগান থেকে শুরু করে ভারতেও বহু শিল্পী নির্বাচিত হয়েছেন। সবাইকে কি রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? একজন বিখ্যাত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটাও বড় অবদান।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের প্রক্রিয়া আজ রোববার শেষ হচ্ছে। গত শুক্রবার শুরু হওয়া এই প্রক্রিয়ায় গত দুই দিনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে (আজকের হিসাব এখনো জানানো হয়নি)। এর মধ্যে সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ফরম বিক্রি ও জমাদানকে কেন্দ্র করে তিন দিন ধরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষণীয় হয়েছে।

রোববার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে দেখা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের পাশাপাশি তাদের শত শত কর্মী-সমর্থক কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমর্থকদের এই ভিড় ও উচ্ছ্বাস দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। অনেক প্রার্থীকে তাঁদের সমর্থকদের নিয়ে মিছিলসহকারে কার্যালয়ে আসতে দেখা গেছে।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রুহুল কবির রিজভী বলেন, দলের মনোনয়নপ্রক্রিয়ায় এবার সংগঠন করার দক্ষতা, মেধা ও মননশীলতা—সব মিলিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।

মনোনয়ন ফরম সংগ্রহ বা জমাদানের সময়সীমা আপাতত আজই শেষ হওয়ার কথা থাকলেও দলের ঊর্ধ্বতন নেতৃত্ব চাইলে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন এই জ্যেষ্ঠ নেতা।