ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) নিরাপদ বার্তা আদান-প্রদানের জন্য এক্সচ্যাট নামে নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের আদলে তৈরি এই অ্যাপে স্বয়ংক্রিয় এনক্রিপশনের মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি অডিও-ভিডিও কল, ছবি ও ফাইল শেয়ার করা যাবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কেউ ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না।

এক্সের তথ্য অনুযায়ী, প্রথমে অ্যাপটির আইওএস ও আইপ্যাড ওএস সংস্করণ চালু হবে। এতে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা বার্তা পাঠানো, অডিও-ভিডিও কল, ফাইল ও গ্রুপ চ্যাট করতে পারবেন। এছাড়া পাঠানো বার্তা সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও থাকবে।

এক্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বতন্ত্র অ্যাপ হলেও এক্সচ্যাট ব্যবহার করতে এক্স অ্যাকাউন্ট থাকা জরুরি। শুরুতে এটি কেবল আইফোন ও আইপ্যাডের জন্য চালু হবে এবং ১৭ এপ্রিল অ্যাপটি লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোতে অন্য প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট লাগে না। তাছাড়া আইওএস ও আইপ্যাড ওএসে এক্সের ব্যবহারকারী অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক কম। তাই এক্সচ্যাট পর্যাপ্ত ব্যবহারকারী আকর্ষণ করতে পারবে না বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

সূত্র: ম্যাশেবল