দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড ব্যবসায়িক অংশীদারদের অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করেছে। গতকাল শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মসূচিতে ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে ‘বেস্ট বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করার এক বছরেরও কম সময়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফিড শিল্পে নজিরবিদ্ধ সাফল্য দেখিয়েছে। গবাদিপশু, পোলট্রি ও মৎস্য খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে তারা কার্যক্রম চালাচ্ছে।

কর্মসূচিতে প্রধান অতিথি আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও বিশ্বাস আকিজ অ্যাগ্রো ফিডকে স্বল্প সময়ের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই পুরস্কার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক।’

আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের সিইও এ টি এম হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের আগামীর লক্ষ্য, দেশের খামারি সমাজকে স্বাবলম্বী করা, উৎপাদনে নতুন মাত্রা যোগ করা এবং আকিজ অ্যাগ্রো ফিডকে লাইভস্টক শিল্পে একটি বিশ্বস্ত নাম হিসেবে তুলে ধরা। সেই সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারদেরও নিজ নিজ ব্যবসার ধারাবাহিকতা ও উৎকর্ষ বজায় রাখতে অনুপ্রাণিত করা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (কনজিউমার মার্কেট ক্লাস্টার) সাবিহা ইয়াসমিনসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি জানিয়েছে এবং ভবিষ্যতে টেকসই ও প্রসারিত অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে।