গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর চার শিশুর হামে মৃত্যু নিশ্চিত করেছে। বাকি ছয় শিশু হামের উপসর্গ নিয়েই মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৬২ শিশু ভর্তি হয়েছে এবং ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।
এসব তথ্য আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে। এই হিসাব ১১ এপ্রিল সকাল আটটা থেকে ১২ এপ্রিল সকাল আটটা পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যুবরণকারী চার শিশু সবাই ঢাকার। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয় শিশুর মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন খুলনার। এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগে ২১ জনের হাম ধরা পড়েছে। চট্টগ্রাম ও সিলেটে সবচেয়ে কম একজন করে হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৬৮ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে ৫৮০ জন ঢাকা বিভাগের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬২ জন, যাদের ৩৫৭ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুরে (১১) এবং ময়মনসিংহে (২২)।
এছাড়া, হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬৩৪ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ জনের মধ্যে ১০ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৬৩৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।






