ভিডিও গেমে বিমান চালনা নিয়ে খেলার মাধ্যমে অনেকে অজান্তেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রাথমিক দক্ষতা অর্জন করছেন। এই সুবিধা কাজে লাগিয়ে গেমার তরুণদের আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্র নতুন উদ্যোগ নিয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞাপনে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ভিডিও গেমে দক্ষ ব্যক্তিরা এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপনে গেমিং দক্ষতা ও এই পেশার প্রয়োজনীয় সক্ষমতার মিল তুলে ধরা হয়েছে। এছাড়া, অনলাইন গেমে মনোযোগী তরুণদের ছবির পাশে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মীদের কাজের দৃশ্য দেখিয়ে বলা হয়েছে, গেম খেলার মাধ্যমে অনেকে নিজের অজান্তেই এই পেশার জন্য দক্ষতা অর্জন করছেন। অভিজ্ঞতা অর্জনের তিন বছরের মধ্যে একজন নিয়ন্ত্রকের বার্ষিক আয় প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন পি ডাফি জানিয়েছেন, নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে সময়োপযোগী কৌশল নিতে হচ্ছে। তাঁর মতে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, একাধিক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করার সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা—এসব গুণ বর্তমান প্রজন্মের অনেক গেমারের মধ্যেই রয়েছে।

২০২১ সালে বাইডেন প্রশাসনের সময় ‘লেভেল আপ’ নামে একটি প্রচারণা চালানো হয়েছিল। সেই প্রচারণাতেও গেমারদের লক্ষ্য করে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। এই নতুন উদ্যোগকে সেই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রকেরা আকাশপথে উড়োজাহাজের চলাচল পর্যবেক্ষণ, সম্ভাব্য সংঘর্ষ এড়ানো এবং বিমান ওঠানামার সময় নির্দেশনা দেন। এর ফলে চাপের মধ্যে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং উচ্চমানের কারিগরি দক্ষতা এই পেশার জন্য অপরিহার্য। তবে এই খাতে জনবলসংকট দীর্ঘদিনের। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, আগামী কয়েক বছরে সংকট আরও বাড়তে পারে। এফএএ জানিয়েছে, পূর্ণ সক্ষমতায় কাজ করতে তাদের ১৪ হাজার ৬৬৩ জন সক্রিয় নিয়ন্ত্রক প্রয়োজন। ২০২৮ সালের মধ্যে বর্তমান কর্মীদের একটি বড় অংশ অবসর নেবেন বা পেশা ছাড়বেন।

ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনের সভাপতি নিক ড্যানিয়েলস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, গেমারদের মতো দক্ষ সম্ভাব্য প্রার্থীদের অন্তর্ভুক্ত করে নিয়োগের পরিসর বাড়ানো ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তাসংবেদনশীল এই পেশায় নিয়োগের ক্ষেত্রে কঠোর মানদণ্ড কোনোভাবেই শিথিল করা যাবে না।

সূত্র: বিবিসি