বৈশ্বিক সংকটের মধ্যে পানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা জাগানোর উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি পালন করেছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘আমরা আমাদের দায়িত্ব পালন করছি কি না’ শিরোনামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের উদ্যোগে এটি আয়োজিত হয়।
কর্মসূচিতে নেতা–কর্মীরা শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করেন এবং পানি ও বিদ্যুতের অপচয় রোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
তৌহিদুল ইসলাম বলেন, পৃথিবীর তিন ভাগ পানি থাকলেও বাংলাদেশের অনেক এলাকায় শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট দেখা দেয়। পানি সংরক্ষণের অভ্যাস গড়ে তুললে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক আরও বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। অপ্রয়োজনে ব্যবহার কমানো, রুম থেকে বের হওয়ার সময় লাইট–ফ্যান বন্ধ রাখা, দিনের আলো কাজে লাগানো এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে অভ্যস্ত হওয়া—এসব অভ্যাস করতে পারলে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
তৌহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল বলে জানিয়েছেন আয়োজকেরা। বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান মুক্তকণ্ঠকে বলেন, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। পরিবেশগত সংকট মোকাবিলায় জনসচেতনতা জরুরি এবং এ ধরনের কর্মসূচি আরও হওয়া উচিত।






