দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা এসে অংশ নিয়েছেন ‘ইয়ুথ কনক্লেভ ২০২৬’-এ। আজ রোববার সকালে রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে এই সম্মেলনের উদ্বোধন হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও মুক্তকণ্ঠের যৌথ আয়োজনে দিনভর এ অনুষ্ঠান চলবে।
সকাল সাড়ে ১০টার মুখে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ১০২ জন তরুণ এতে অংশগ্রহণ করেছেন। তরুণদের পাশাপাশি সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত।
প্ল্যান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ডিরেক্টর মাহিন নেওয়াজ চৌধুরী উদ্বোধনী বক্তব্য দেন। অন্যদিকে, মুক্তকণ্ঠের সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী স্বাগত জানান।
সম্মেলনে শাসনব্যবস্থায় তরুণদের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ এবং প্রতীকী উপস্থিতির বাইরে গিয়ে কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হবে। এসব নিয়ে দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে তরুণেরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সরাসরি তুলে ধরতে পারবেন।
বিকেলের অধিবেশনে ছয়জন তরুণকে ‘ইয়ুথ ইকুয়ালিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।






