বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক রিয়াল মাদ্রিদ কোচ আলভালো আরবেলোয়ার আগের মন্তব্যেরই প্রতিধ্বনি করলেন। শনিবার রাতে এসপানিওলের বিরুদ্ধে খেলার পর ফ্লিক বলেন, “যতক্ষণ না সব শেষ হচ্ছে, ততক্ষণই আমাদের সেরাটা খেলে যেতে হবে।” এর আগে জিরোনার বিপক্ষে খেলার পর রিয়াল কোচ বলেছিলেন “যে দিন গাণিতিকভাবে শেষ হবে, সেদিনই আমি মেনে নেব।”

দুই কোচের মূল বক্তব্য একই রকম হলেও তারা এখন সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে রয়েছেন। লা লিগার শিরোপা লড়াইয়ে কয়েক সপ্তাহ ধরেই ইঁদুর-বিড়ালের দৌড় চলছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। কিন্তু দুই দিনের মধ্যে ব্যবধান প্রায় অতিক্রম্য হয়ে গেছে। রিয়াল জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বার্সেলোনা এসপানিওলকে ৪-১ গোলে হারিয়েছে। ফলে পয়েন্ট তালিকায় ৯ পয়েন্ট এগিয়ে গিয়ে বার্সা এখন শিরোপার সুবাস পাচ্ছে।

ক্যাম্প ন্যুর এই ম্যাচটি ছিল লামিনে ইয়ামালের জন্য মাইলফলকময়। লা লিগা ইতিহাসের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে তিনি ১০০তম ম্যাচ খেলেছেন। রিয়ালের কিংবদন্তি রাউল গঞ্জালেস তার শততম লা লিগা ম্যাচ খেলেছিলেন ১৯ বছর ২৮৪ দিন বয়সে। ইয়ামাল তা অর্জন করেছেন ১৮ বছর ২৭২ দিন বয়সে, অর্থাৎ এক বছরেরও কম সময়ে।

স্প্যানিশ ফুটবলে বয়সের অসংখ্য রেকর্ড গড়ে তোলা ইয়ামাল এসপানিওলের বিপক্ষে গোলও করেছেন। ৮৭ মিনিটে তাঁর গোলটি ছিল দলের তৃতীয়টি। দুই মিনিট পর মার্কাস রাশফোর্ড বার্সেলোনার চতুর্থ গোলটি করেন। এর আগে প্রথমার্ধের ৯ ও ২৫ মিনিটে ফেরান তোরেস জোড়া গোল করে দলকে এগিয়ে দেন, দুটিতেই ছিল ইয়ামালের অ্যাসিস্ট। লিগে ১০০ ম্যাচে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট সংখ্যা ২৯টি করে।

এসপানিওলকে হারিয়ে বার্সেলোনা ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। মৌসুমে মাত্র ৭ ম্যাচ বাকি থাকায় অনেকে ইতিমধ্যে শিরোপা বার্সার হাতে দেখছেন। তবে ম্যাচের পর কোচ ফ্লিক বললেন, “আমাদের কাজ এখনও শেষ হয়নি। নয় পয়েন্টে এগিয়ে থাকা ভালো। ভালো লাগছে। তবে জিতে গেছি মানসিকতা রাখা ঠিক হবে না। যতক্ষণ না সব শেষ হচ্ছে, ততক্ষণই আমাদের সেরাটা খেলে যেতে হবে।”

লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল সেলতা ভিগোর বিপক্ষে। তার আগে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ফ্লিকের জন্য। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সা, এবার তাদেরই মাঠে আরও বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে যেতে হবে।