দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এখন অনেকটা সুস্থ আছেন। লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর একান্ত সচিব সেলিম আহমদ এ কথা জানিয়েছেন।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য দিয়ে সেলিম আহমদ বলেন, ‘মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।’
সেলিম আহমদ জানান, আসাদুল হাবিব দুলুর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। মন্ত্রীর অসুস্থতার সংবাদ পেয়ে আরও অনেকে তাঁর খোঁজখবর নিয়েছেন। তবে চিকিৎসকদের নির্দেশনা মেনে এখন কাউকে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
মন্ত্রীর দ্রুত আরোগ্যলাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীদের কাছে দোয়া কামনা করা হয়েছে বলে সেলিম আহমদ জানান। তিনি বলেন, গত কয়েক দিন মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। টানা কয়েক দিন রাতে ঘুমাতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
দুই দিনের সফরে গতকাল লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিক তাঁকে সৈয়দপুর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে এখানে ভর্তি করা হয়।






