পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ সামনে এসেছে। এ সময় নতুন পোশাক, ঘর সাজানো এবং খাওয়াদাওয়ায় অতিরিক্ত খরচ হয়। ঈদের পরপরই নববর্ষ এলে খরচের চাপ আরও বেড়ে যায়। পরিকল্পনা না করলে মাসের বাজেট এলোমেলো হয়ে যেতে পারে।

সঠিক পরিকল্পনা করলে বৈশাখের উৎসব উদযাপনের আনন্দ পাওয়া যাবে এবং আর্থিক ভারসাম্যও রক্ষা পাবে।

১. আগে বাজেট তৈরি করুন

মাসিক আয়ের নির্দিষ্ট অংশ নববর্ষের জন্য আলাদা করে রাখুন। মোট আয়ের ১০-১৫ শতাংশের বেশি খরচ যেন না হয়, সেদিকে নজর দিন।

২. কেনাকাটার তালিকা তৈরি করুন

হুট করে কেনাকাটা না করে আগে তালিকা বানান, কার জন্য কী কিনবেন। তালিকার বাইরে খরচ এড়িয়ে চলুন।

৩. ছাড় ও অফারের সুযোগ নিন

বিভিন্ন ব্র্যান্ড এবং শপিং মলে বৈশাখী ছাড় পাওয়া যায়। আগে খোঁজখবর নিয়ে কম দামে ভালো জিনিস কিনুন।

৪. পোশাক কেনায় বাস্তববাদী হোন

প্রতি বছর নতুন পোশাক কেনার বদলে পুরোনো পোশাকগুলো ব্যবহারযোগ্য কিনা দেখুন। এতে খরচ কমবে। পরিবারের সবার জন্য না কিনে অগ্রাধিকার নির্ধারণ করুন।

৫. খাবারের খরচ নিয়ন্ত্রণ করুন

বাইরে খাওয়ার পরিকল্পনা সীমিত রাখুন। বাড়িতে আয়োজন করলে খরচ অনেক কম পড়ে। রেস্তোরাঁয় যাওয়ার বদলে ঘরে দাওয়াতের ব্যবস্থা করুন।

৬. ডিজিটাল পেমেন্টে সতর্কতা অবলম্বন করুন

কার্ড বা মোবাইল ব্যাংকিং দিয়ে খরচ করলে তাৎক্ষণিক হিসাব রাখুন। পরে বিল দেখে চাপে পড়ার সম্ভাবনা থাকে। ক্রেডিট কার্ডে খরচের ক্ষেত্রে ভালো করে ভাবুন।

৭. জরুরি সঞ্চয় হাতছাড়া করবেন না

উৎসবের জন্য সঞ্চয়ের টাকা কখনো ভাঙবেন না। হঠাৎ দরকার পড়লে এই তহবিলই সাহায্য করবে। জরুরি তহবিল অক্ষত রাখুন।

৮. শিশুদের খরচে সীমা টানুন

বাচ্চাদের জন্য কেনাকাটার বাজেট আগেই ঠিক করুন, যাতে অতিরিক্ত খরচ না হয়। খেলনা বা কম প্রয়োজনীয় জিনিস কেনায় তাদের নিরুৎসাহিত করুন।

৯. সামাজিকতায় খরচ কমান

বৈশাখে বিভিন্ন অনুষ্ঠান ও দাওয়াত হয়। সব জায়গায় যাওয়া মানেই বাড়তি খরচ। কোথায় যাবেন আর কোথায় না, তা আগে ঠিক করুন। এতে খরচ অনেক কমবে।