বলিউডের সোনালি যুগের প্রতীক মধুবালা। ‘মুঘল-ই-আজম’-এ তাঁর আনারকলি চরিত্র এখনও দর্শকের হৃদয়ে অমলিন। সৌন্দর্য, তারকা জীবন ও ব্যক্তিগত ট্র্যাজেডির জন্য তাঁর জীবন সর্বদা আলোচিত। ফলে তাঁকে নিয়ে বায়োপিক তৈরির নতুন উৎসাহ জন্ম নিয়েছে। ছবির মধুবালা চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে কিয়ারা আদভানি, অনীত পাড্ডা ও সারা অর্জুনের নাম উঠেছিল। কিন্তু নতুন তথ্য অন্য কথা বলছে। সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে।
সারা নয়, কল্যাণী?
শুরুতে ‘ধুরন্ধর ২’-এর অভিনেত্রী সারা অর্জুনকে মধুবালার ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনাও এগিয়েছিল। তবে সাম্প্রতিক তথ্য জানাচ্ছে, নির্মাতারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কল্যাণী প্রিয়দর্শনের দিকে নজর দিচ্ছেন।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘লোকা: চ্যাপ্টার ১’-এর সাফল্য কল্যাণীর ক্যারিয়ারে ঝড় তুলেছে। বক্স অফিসে হিট হওয়ার পাশাপাশি অভিনয় ও স্ক্রিন প্রেজেন্সেশনের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি। এই ছবির পর দক্ষিণ ভারতের সীমা পেরিয়ে উত্তর ভারতেও তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা বেড়েছে।
নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মধুবালার নিষ্পাপ সৌন্দর্য, স্বাভাবিক অভিব্যক্তি ও ক্লাসিক স্ক্রিন আবেদন কল্যাণীর মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া নতুন প্রজন্মের দর্শকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও বাজারমূল্যও বিবেচনায় আছে। সব মিলিয়ে এখন কল্যাণীই এগিয়ে রয়েছেন।
কল্যাণীর উত্থান
কল্যাণী খ্যাতনামা নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে। চলচ্চিত্রের পরিবেশেই তাঁর বড় হওয়া। ২০১৭ সালে অখিল আক্কিনেনির সঙ্গে ‘হ্যালো’ ছবিতে বড় পর্দায় অভিষেক। শুরু থেকেই স্বাভাবিক অভিনয় ও সাবলীল উপস্থিতি নজর কাড়ে। এরপর ‘চিত্রলহরী’, ‘রণরঙ্গম’, ‘বরানে অবশ্যমুন্ড’, ‘মানাডু’, ‘থাল্লুমালা’ ও ‘বর্ষঙ্গলক্কু শেষম’-এর মতো বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে অবস্থান মজবুত করেন। তবে ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় ‘লোকা: চ্যাপ্টার ১’। বাণিজ্যিক সাফল্যের সঙ্গে এটি তাঁকে নতুন দর্শকের কাছে পৌঁছে দেয়; দক্ষিণ ভারত ছাড়িয়ে উত্তর ভারতেও আলাদা পরিচিতি তৈরি হয়।
কল্যাণী কি বলিউডে আসছেন?
বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত কল্যাণী। ভুবনেশ অর্জুন পরিচালিত ‘জিনি’ ছবিতে তাঁকে দেখা যাবে, যেখানে সহশিল্পী রবি মোহন, ওয়ামিকা গাব্বি ও কীর্তি শেট্টি। রণবীর সিংয়ের সম্ভাব্য নতুন ছবি ‘প্রলয়’-এ তাঁর যুক্ত হওয়ার খবর শোনা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন জসমিত কে রিন। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ডার্লিংস’ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।






