জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজের বাড়ির বরইগাছে ডাল কাটতে উঠে সংজ্ঞা হারিয়ে পড়েন গাছকাটা শ্রমিক হযরত আলী (৬৫)। ফায়ার সার্ভিসের দল তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ শনিবার সকালে উপজেলার বীর আলী হাতিজা গ্রামে এ ঘটনা ঘটে।

বীর হাতিজা এলাকার বাসিন্দা হযরত আলী পেশায় গাছকাটা শ্রমিক। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজ বাড়ির আঙিনায় বরইগাছে উঠে ডাল কাটছিলেন হযরত আলী। হঠাৎ দুই ডালের মাঝে বসে থাকা অবস্থায় তিনি সংজ্ঞা হারান। স্থানীয় কয়েকজন এটি দেখে তাঁকে নামানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উঁচু গাছ থেকে তাঁকে নিরাপদে নামানো হয়। পরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। বর্তমানে চিকিৎসা শেষে তিনি সুস্থ রয়েছেন।