মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গত বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযথ আয়োজনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও কর্মচারী, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন।
সকাল ৮:০০ টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে প্রথম অধিবেশন শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক রাজিত দাস। সকাল ৮:২০ মিনিটে খেলাধুলা উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের ক, খ, গ ও ঘ চারটি গ্রুপে ভাগ করে বালক ও বালিকাদের জন্য প্রতিযোগিতা চালানো হয়। বালকেরা দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, বুদ্ধির খেলা, বস্তা দৌড়, মোরগ লড়াই ও অঙ্ক দৌড় খেলায় অংশ নেয়। বালিকারা দৌড়, সুঁচে সুতা পরানো, মার্বেল দৌড়, বুদ্ধির খেলা, জলে ডাঙ্গা, শব্দ গঠন, অঙ্ক দৌড়, দড়ি খেলা এবং আর্চারি খেলায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। বহিরাগত বালক ও বালিকাদের জন্যও প্রতিযোগিতা থাকে, যার মধ্যে বহিরাগত বালকদের জন্য ছিল ১২০০ মিটার দৌড়।
সকাল ১০টায় খেলার মাঝে বিরতি দিয়ে শিক্ষার্থীদের নাস্তা বিতরণ করা হয়। প্রথম অধিবেশন শেষ হয় দুপুর ১২:৫০ মিনিটে। দীর্ঘ বিরতির পর বেলা ৩:০০ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যেমন বহিরাগত মহিলাদের বল পাচার, বয়স্কদের হাড়িভাঙ্গা খেলা এবং কমন বালকদের তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিবাহিত বনাম অবিবাহিত পুরুষদের রশি টানা খেলা, শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো এবং দেশের গানে নৃত্য প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষকগণ আলফা, বিটা, গামা ও থিটা—এই চারটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন। শিক্ষকদের সঙ্গে স্বেচ্ছাসেবক প্রাক্তন শিক্ষার্থীরাও সহযোগিতা করেন। শেষ পর্যায়ে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান হয়। প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারীদের বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।






