রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদ নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের স্বর্ণ গলি এলাকায় এ সংঘর্ষ ঘটে।

পল্টন থানা সূত্রে জানা যায়, ৯ এপ্রিল বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ গেটের জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ অভিযানে সেখানকার দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। অভিযানের পরদিন শুক্রবার হকাররা আবার সেখানে দোকান বসানোর চেষ্টা করলে সোনা ব্যবসায়ীরা বাধা দেন, ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার সকাল ১০টার দিকে বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফুটপাতের অস্থায়ী দোকানের কাঠের টেবিলসহ সরঞ্জাম উচ্ছেদ শুরু হলে হকাররা বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘দোকানপাট উচ্ছেদ নিয়ে হকার ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া হয়। বড় সংঘর্ষ হয়নি। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’