আইপিএল ও পিএসএলের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে টুর্নামেন্ট চালু হওয়ার আগেই। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আইপিএলের দাপট সবচেয়ে বেশি হলেও এবার পিএসএলও আটঘাট বেঁধে নেমেছে। দলের সংখ্যা ৬ থেকে বেড়েছে ৮-এ, চালু হয়েছে নিলামপদ্ধতি।

কর্তৃপক্ষ এটাকে পিএসএলের নতুন যুগ বলে ঘোষণা করেছে। ফলে দুই টুর্নামেন্টের তুলনামূলক আলোচনা শুরু হয়েছে আগেই। এ স আলোচনায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, মাঠের খেলার বিবেচনায় আইপিএলের চেয়ে পিএসএল এগিয়ে। ৩৬ বছর বয়সী রুশো বলেছেন, “উভয় লিগেরই নিজস্ব ভালো-মন্দ দিক আছে। আইপিএল অনেক লম্বা একটি টুর্নামেন্ট আর পিএসএল অনেক বেশি সংক্ষিপ্ত ও গোছানো। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। আইপিএলের পেছনে স্পষ্টতই পুরো বলিউড রয়েছে, তাই এটি আসল ক্রিকেটের চেয়ে অনেক বেশি সিনেমার মতো।”

আইপিএলে রুশোর ক্যারিয়ার তেমন সফল নয়। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সুযোগ পেলেও অভিষেক হয় ২০১৪ সালে। পরে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেললেও দলে স্থায়ী হতে পারেননি। মোট ২২ ম্যাচে তাঁর ৪৭৩ রান, গড় ২৩.৬৫।

২০২৪ সালে পাঞ্জাব কিংস তাঁকে ৮ কোটি রুপিতে কিনলেও পরের বছর ছেড়ে দেয়। ২০২৫ আইপিএল নিলামে কোনো দল তাঁকে নেয়নি। অন্যদিকে ২০২৬ পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তাঁকে ৫ কোটি ৫৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভর্তি করেছে।

শুধু রুশো নন, করাচি কিংসের অ্যাডাম জাম্পাও সম্প্রতি আইপিএল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, “আমি এ বছরের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে, আমার যে ধরনের দক্ষতা, সে অনুযায়ী অন্যদের সঙ্গে তুলনা করলে সেই পরিমাণ অর্থ আমি পাই না। আর আইপিএল যতটা সময় নেয়, সেই হিসেবে খেলা চালিয়ে যাওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।”