নকশার বিবর্তন ও ‘মিনিমালিস্ট’ দর্শন
গত কয়েক দশকে এসির বাইরের গঠন ব্যাপকভাবে বদলে গেছে। পুরনো ভারী প্লাস্টিকের বডির পরিবর্তে আজকের এসিগুলো অনেক বেশি সুন্দর ও পরিমার্জিত হয়েছে। বর্তমানের ‘মিনিমালিস্ট’ বা সরল অবয়বের নকশা-দর্শন এসিকে দেওয়ালের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেয় যেন তা তার অংশ হয়ে গেছে।
এসির এই নান্দনিক পরিবর্তন নিয়ে এলজি ইলেকট্রনিকস সিঙ্গাপুর (প্রা.) লিমিটেড, বাংলাদেশের হেড অব এয়ার সলিউশনস বিজনেস এইচ এম শাহরিয়ার রেজা মুক্তকণ্ঠকে বলেন, “আধুনিক ডিজাইন–দর্শনের মূলে রয়েছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সকে কেবল একটি যন্ত্র হিসেবে না দেখে ঘরের সাজসজ্জার অংশ বা “ফার্নিচার” হিসেবে উপস্থাপন করা। অপ্রয়োজনীয় বাটন বা জটিল প্যানেল এড়িয়ে একদম পরিচ্ছন্ন ও সাধারণ লুক দেওয়া এখনকার প্রবণতা। উচ্চ মানের টেক্সচার ও মিনিমালিস্ট ম্যাটেরিয়াল ব্যবহারের ফলে এই পণ্যগুলো ঘরের কোণ বা ক্যাবিনেটের সঙ্গে এমনভাবে মিশে থাকে, যেন তা আলাদা কোনো যন্ত্র নয়; বরং অন্দরসজ্জারই একটি অবিচ্ছেদ্য অংশ।”
মেটালিক ফিনিশ, গ্লাস প্যানেল কিংবা হিডেন ডিসপ্লে ফিচারগুলো এসির যান্ত্রিক রূপকে ঢেকে তাকে শিল্পকর্মে পরিণত করে। আসবাবের রঙ বা দেওয়ালের টেক্সচারের সঙ্গে মিলিয়ে সঠিক এসি বেছে নিলে তা ঘরের সামগ্রিক পরিবেশে আভিজাত্য যোগ করে এবং দৃশ্যমান ভারসাম্য বজায় রাখে।
স্থাপনের মুনশিয়ানা
দৃষ্টিনন্দন এসি কেনাই যথেষ্ট নয়; এর স্থাপনের অবস্থান ও পদ্ধতির উপর নির্ভর করে ঘরের উপযোগিতা। আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের নিয়মে ইনডোর ইউনিট এমনভাবে বসানো হয় যাতে সরাসরি চোখে না পড়ে, কিন্তু শীতলতা ঘরের প্রতিটি কোণে পৌঁছে। অনেক সময় ফলস সিলিং বা ক্যাবিনেটের ভিতরেও এসি লাগানো হচ্ছে। তবে স্থাপনায় বায়ুপ্রবাহের দিক মাথায় রাখতে হয়। সরাসরি শরীরে ঠান্ডা বাতাস লাগলে অস্বস্তি হয়, তাই বাতাস সুষমভাবে ছড়িয়ে পড়ার ব্যবস্থা করা আধুনিক ডিজাইনের মূল উদ্দেশ্য। ইউনিটের উচ্চতা ও অবস্থানের এই সূক্ষ্ম ভারসাম্য ঘরের আরাম নির্ধারণ করে।
উচ্চ ভোল্টেজ সুরক্ষা ও যান্ত্রিকনির্ভরতা
প্রযুক্তিগতভাবে আজকের স্মার্ট এসিগুলো আগের চেয়ে অনেক স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে ভোল্টেজের আকস্মিক ওঠানামা ইলেকট্রনিক যন্ত্রের জন্য বড় ঝুঁকি। আগে আলাদা স্ট্যাবিলাইজার লাগত, যা দেওয়ালের সৌন্দর্য নষ্ট করত। এখন স্মার্ট এসিতে বিল্ট-ইন হাই ভোল্টেজ প্রটেকশন এবং উন্নত প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে। এই সার্কিট বিদ্যুতের সামান্য পরিবর্তন ধরে কম্প্রেসরকে রক্ষা করে। ফলে ভারী যন্ত্রের দরকার পড়ে না, দেওয়াল পরিষ্কার থাকে এবং যন্ত্রের আয়ু বাড়ে।
স্মার্ট কুলিং ও আগামী দিনের অন্দরসজ্জা
স্মার্ট হোম এখন বাস্তবতা। মোবাইল অ্যাপ দিয়ে এসি নিয়ন্ত্রণ বা তাপমাত্রা অনুযায়ী অটো অ্যাডজাস্ট ফিচার জীবন সহজ করছে। বিশেষজ্ঞদের মতে, আসবাবের সুষম বিন্যাস ও এসির শৈল্পিক উপস্থিতির সমন্বয় শুধু শীতলতাই দেয় না, আধুনিক স্মার্ট জীবনযাত্রার পূর্ণ অভিজ্ঞতাও প্রদান করে।






