রাজধানীতে ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী প্রথম দুই দিন সকাল ১০টা থেকে রাত ৮টা এবং শেষ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ব্রডব্যান্ড ইন্টারনেট খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই মেলা আয়োজিত হচ্ছে।

এখানে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের নানা দিক উপস্থাপন করা হবে। খাতটির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনাও দেখানো হবে। আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আজ শনিবার দুপুর ১২টায় বনানীতে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায়। এবারের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘এই মেলার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন দাবি সরকারকে জানানোর চেষ্টা করব এবং মেলা শেষে আমরা লিখিতভাবে আমাদের দাবি জানাব। সেই সঙ্গে গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলায় আসার জন্য, যাতে আমাদের নতুন সব উদ্ভাবন সম্পর্কে জানাতে পারব।’ সম্মেলনে উপস্থিত ছিলেন মহাসচিব নাজমুল করিম ভুঞা, যুগ্ম মহাসচিব মাহবুব আলম, ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমানসহ সব পৃষ্ঠপোষকের প্রতিনিধিরা।

মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবোটিকস ও ইন্টারনেট অব থিংস (আইওটি)–ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন। দর্শনার্থীরা এক্সপেরিয়েন্স জোনে এগুলো দেখার সুযোগ পাবেন। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক পণ্য তুলে ধরবে। প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে।

‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’–এর প্লাটিনাম স্পনসর ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশনস লিমিটেড। ডায়মন্ড স্পনসর আম্বার আইটি লিমিটেড, সি-ডেটা, ওএফএস কেব্‌লস এবং রেস অনলাইন লিমিটেড। গোল্ড স্পনসর হিসেবে অংশ নিচ্ছে কেএস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম লিমিটেড, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশনস লিমিটেড, এআরএ টেকনোলজিস লিমিটেড, জিএএমএমএ ইনোভেশন লিমিটেড, মায়েস্ত্রো টেকনোলজিস লিমিটেড, ইন্টারক্লাউড লিমিটেড, সাউথ বাংলা লিমিটেড, এক্সাবাইট লিমিটেড ও জিনিউ বাংলাদেশ লিমিটেড।