সিলেট সদর উপজেলার মোঘলগাঁও ইউনিয়নের গালিম গ্রামে গতকাল শুক্রবার বিকেলে একটি মসজিদের নামকরণ নিয়ে সালিস চলাকালে বাগ্‌বিতণ্ডায় কিলঘুষিতে আঘাত পেয়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হন। তিনি (৫০) গালিম গ্রামের বাসিন্দা। ঘটনা ঘটে গালংশাহ মসজিদের সামনে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে গালিম গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য গতকাল বিকেলে উভয় পক্ষকে নিয়ে সালিসের আয়োজন করা হয়। সালিস চলাকালে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে কিলঘুষিতে আঘাত পান দেলোয়ার হোসেন। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতে নিহত ব্যক্তির মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবীব বলেন, মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কিলঘুষিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে শনিবার বেলা একটা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তাঁর মরদেহ আজ দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার কথা আছে।