টাঙ্গাইলের সখীপুরে আজ শনিবার ভোরে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় স্থানীয় বাসিন্দারা এই শিশুটিকে খুঁজে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা আবদুর ছালাম (৬৫)। শব্দের উৎস অনুসন্ধান করতে গিয়ে তিনি ঝোপের মধ্যে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে অন্যান্য স্থানীয়দের সাহায্যে শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। রাতের খোলা পরিবেশে থাকায় তার শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসক শামসুল আলম বলেন, “শিশুটির তীব্র শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।
সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, “রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”






