লক্ষ্মীপুরের কমলনগরে টাকার জন্য এক ইটভাটার শ্রমিককে হাত রশি দিয়ে বেঁধে লাঠি পেটা করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গার গুঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, শ্রমিক কালু মিয়ার হাত দড়ি দিয়ে ঘরের আঁড়ায় বেঁধে রাখা হয়েছে। এ অবস্থায় একজন লাঠি হাতে তাকে পেটাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। সেই ব্যক্তি বলেন, “আমি কোনো জায়গায় মামলা করি না, কোনো জায়গায় সালিস করি না, আমি নিজের বিচার নিজে করি।”

গতকাল শুক্রবার এই ঘটনার ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে পুরো সময় ইসমাইল হোসেন কালু মিয়াকে পেটাতে দেখা যায়। একসময় ইসমাইল তাকে নির্দিষ্ট কথা পুনরাবৃত্তি করতে বলেন। বাধ্য হয়ে কালু বলেন, “ইসমাইল মাঝি কারও জন্য মামলা করে না। কাউকে দিয়ে সালিস করে না। নিজের সালিস নিজে করে। নিজের বিচার নিজে করে। মাপ করলেও নিজে করে। আর জীবনে এসব করব না। মাঝির যা ক্ষতিপূরণ এখন দিয়া দেব। ইসমাইল মাঝির সঙ্গে এই কাম কেউ করিস না।”

কালু মিয়া চর কাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী বাজারের সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত ইসমাইল হোসেন ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন এবং এলাকায় ইসমাইল মাঝি নামে পরিচিত। ভুক্তভোগী কালু মিয়া বলেন, “ইটভাটায় কাজে না যাওয়ার কারণে ইসমাইল মাঝি তাঁর সহযোগীদের দিয়ে আমাকে ধরে নিয়ে যান। এরপর হাত রশি দিয়ে বেঁধে আমাকে নির্মমভাবে মারধর করেছেন। একপর্যায়ে আমার পরিবারের কাছে খবর পাঠিয়ে এক লাখ টাকা নিয়ে আসতে বলা হয়। কারণ, এতে নাকি তাঁর ক্ষতি হয়েছে। আমি টাকা না দেওয়ায় মারধরের পর ছেড়ে দেওয়া হয়েছে। আমি এ ঘটনায় মামলা করেছি।”

ঘটনার পর ইসমাইল হোসেন পলাতক। তার মুঠোফোন নম্বরে কল করেও সংযোগ পাওয়া যায়নি। তবে তিনি স্থানীয় কয়েকজন সাংবাদিককে জানান, চট্টগ্রামের একটি ইটভাটায় কাজের জন্য কালুকে বছরের শুরুতে ৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু কালু এখন আর সেখানে কাজে যাচ্ছেন না। প্রায়ই নানা অজুহাতে কাজ ফেলে চলে আসছেন। তাই কালুকে দুই হাত বেঁধে ঝুলিয়ে রেখেছেন তিনি। খুব বেশি মারধর করা হয়নি। ভয় লাগানোর জন্য সামান্য বেত্রাঘাত করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে আসার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রমিক কালু মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এতে ইসমাইল হোসেনসহ তিনজনকে আসামি করা হয়েছে। তাঁদের ধরতে অভিযান চলছে।”