খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এই অভিযানের বিবরণ জানানো হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়ার কাঁঠালতলি এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গুলির একটি চালানের বিষয়ে গোপন খবর পাওয়ায় পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন বৌদ্ধমনিপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল কাঁঠালতলিতে অবস্থান নেয়। শুক্রবার বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চার সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে টহল দল তাদের থামার সংকেত দেয়। কিন্তু সংকেত পেয়ে ওই চার ব্যক্তি মোটরসাইকেল ও একটি থলে ফেলে পাহাড়ি পথে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ফেলে যাওয়া থলেটি থেকে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি পাওয়া যায়।

বিজিবির দাবি, গুলি নিয়ে ঘটনাস্থল থেকে ফেরার সময় সন্ত্রাসীদের একটি দল বিজিবি সদস্যদের ঘিরে ধরার চেষ্টা করে। তবে পানছড়ি ব্যাটালিয়ন সদরদপ্তর দ্রুত বিষয়টি জেনে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এর ফলে সন্ত্রাসীরা সরে পড়ে।

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।