পবিত্র ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘দম’। রেদওয়ান রনির নির্মাণ এবং আফরান নিশোর অসাধারণ অভিনয় নিয়ে দর্শকেরা উচ্ছ্বসিত। এখন যুক্তরাষ্ট্রের সাতটি শহরে মুক্তি পেয়েছে এই ছবি।

কুইন্স (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস অ্যাঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস অ্যাঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া), অ্যারিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে এখন চলছে ‘দম’। যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ মনে করছেন, দেশের মতো এখানকার বক্স অফিসেও ছবিটি ভালো সাড়া ফেলতে পারে।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ হামিদ বলেন, “আমরা “দম” নিয়ে ক্যাম্পেইন করছি। ইতিমধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে রিলিজ দেব ভেবেছিলাম। কিন্তু “দম” নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করতে যাচ্ছি।”

রাজ হামিদ বলেন, “আমরা প্রমোশন করে দেখেছি, “দম”–এর রেসপন্স খুব ভালো। রিলিজের আগে অ্যাডভান্স টিকিটও ভালো।”

১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টাজুড়ে চলবে ছবিটি। রাজ হামিদ বলেন, ১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবেন।

দেশে চতুর্থ সপ্তাহে চলছে ‘দম’। নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র এটি একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।