তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামের দুই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজের ম্যাচগুলো। আজ থেকেই শুরু হচ্ছে টিকিট বিক্রি, যার দাম সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা। ১৫০০ টাকায় পাওয়া যাবে ইন্টারন্যাশনাল গ্যালারি এবং ৬০০ টাকায় ক্লাব হাউসের টিকিট। সস্তায় ইস্টার্ন গ্যালারির টিকিট মাত্র ২০০ টাকা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ। এখানে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিট ২৫০০ টাকা করে। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে ৬০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারিতে ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারিতে ২০০ টাকা লাগবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে আজ সন্ধ্যা ৬টায়। দর্শকেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে টিকিট কিনতে পারবেন।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল, যা শুরু হবে বেলা ১১টায়। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে, যা শুরু হবে বেলা ২টায়।