এপ্রিল মাসে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রত্যেকটিতেই পয়েন্ট হারিয়েছে দলটি। সর্বশেষ গতকাল রাতে লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে খেলা। এর আগে লিগে মায়োর্কার কাছে এবং চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে তারা।
জিরোনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির ফলে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকটাই ম্লান হয়েছে। আজ বার্সেলোনা নিজেদের মাঠে এস্পানিওলকে হারালে রিয়াল তাদের থেকে ৯ পয়েন্টে পিছিয়ে যাবে। এরপর লিগ শিরোপা লড়াইয়ে মাত্র সাত ম্যাচ হাতে থাকবে।
জিরোনার বিরুদ্ধে জয় না আনতে পারার পেছনে নিজেদের ব্যর্থতার পাশাপাশি রেফারিংকেও দোষারোপ করছেন সমর্থকেরা। ম্যাচের পর কোচ আলভারো আরবেলোয়া একটি পেনাল্টি না দেওয়া নিয়ে অসন্তোষ জানিয়েছেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে ৫১ মিনিটে ফেদে ভালভের্দের গোলের পর ৬২ মিনিটে থমাস লেমারের গোল করে সমতা সাধন করে জিরোনা। ম্যাচ শেষের দিকে ১-১ গোলেই খেলা শেষ হয়। এর মধ্যে ৮৭ মিনিটে জিরোনার বক্সে বল নিয়ে ঢুকতে গিয়ে এমবাপ্পে ফাউলের শিকার হয়ে মাটিতে পড়ে যান। কিন্তু রেফারি ফাউল দেখেননি এবং খেলা চালিয়ে দেন।
পরে দেখা যায়, এমবাপ্পের কপাল থেকে রক্ত পড়ছে। ভিডিও রিপ্লেতে স্পষ্ট যে, বক্সে ঢোকার পর জিরোনা ডিফেন্ডার ভিতর রেইসের হাতের আঘাত পেয়েছেন এমবাপ্পে। রেফারি বা ভিএআর এটি উপেক্ষা করেছেন। এই পেনাল্টি পেলে ম্যাচের ফলাফল রিয়ালের পক্ষে যেতে পারত বলে ম্যাচশেষে কোচ রেফারিং নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। সম্ভাব্য পেনাল্টি নিয়ে জিজ্ঞেস করা হলে আরবেলোয়া বলেন, ‘এটা দিনের আলোর মতো পরিষ্কার পেনাল্টি ছিল। এটা আসলে আরও একটা উদাহরণ (সিদ্ধান্ত পক্ষে না আসার)। আবারও পুরোনো ঘটনা।’
রেফারির চোখ এড়ালে ভিএআর এ ধরনের ঘটনা নজরদারি করে। কিন্তু এখানে ভিএআর কেন হস্তক্ষেপ করেনি তা নিয়ে রিয়াল কোচ বলেন, ‘আমরাও বুঝতে পারছি না (কেন হস্তক্ষেপ করেনি)। ভিএআর তাদের সুবিধামতো সময়ে হস্তক্ষেপ করে, আর যখন মনে হয় করে না।’
তিনি আরও বলেন, ‘এটি পরিষ্কার ফাউল ছিল। প্রথমার্ধে কিলিয়ান (এমবাপ্পে) এর চেয়েও সামান্য কারণে ফাউলের শিকার হয়েছিল। রেফারিদের নিয়ে আমাদের অনেক সমস্যা পোহাতে হয়েছে। এই রেফারির ক্ষেত্রেও তাই, মায়োর্কাতেও যেমনটা হয়েছিল... সেই পুরোনো গল্প।’
লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়ে ৩১ ম্যাচে রিয়ালের ৭০ পয়েন্ট, এক ম্যাচ কম খেলা বার্সেলোনার ৭৬। লিগ জয়ের আশা শেষ কি না জিজ্ঞেস করলে আরবেলোয়া বলেন, ‘না, যেদিন আমরা গাণিতিকভাবে হেরে যাব, সেদিনই কেবল আমি তা মেনে নেব। যতক্ষণ তা না হচ্ছে, আমরা প্রতিটি ম্যাচে আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। এটি রিয়াল মাদ্রিদ, আর আমাদের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
রিয়ালের পরবর্তী ম্যাচ বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ মিউনিখে। এরপর ২১ এপ্রিল লা লিগায় আলাভেসের সঙ্গে খেলবে।






