ত্বকের যত্ন নিতে গিয়ে অনেকে শুধু প্রসাধনীর কথা ভাবেন, কিন্তু সত্যিকারের সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য সঠিক পুষ্টি অপরিহার্য। ভেতর থেকে যদি পুষ্টি না পায়, তাহলে বাইরের যত্ন কতই করুন না কেন, ত্বক দীর্ঘস্থায়ী ভালো থাকে না। তাই জানা দরকার কোন পুষ্টিগুলো কাজে লাগে এবং কোথায় পাওয়া যায়।
ভিটামিন এ ত্বকের কোষগুলো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে। গাজর, মিষ্টিকুমড়া, পালংশাক ও ডিমের কুসুমে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এসব নিয়মিত খেলে ত্বক হয় কোমল ও মসৃণ।
ত্বকের উজ্জ্বলতা ও সতেজতা বজায় রাখতে ভিটামিন–সি অত্যাবশ্যক। এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক টানটান করে এবং বলিরেখা কমায়। লেবু, কমলা, আমলকী, পেয়ারা ও টমেটোতে ভিটামিন–সি প্রচুর। খাদ্যতালিকায় এই ফলগুলো যোগ করলে ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
ভিটামিন–ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। বাদাম, সূর্যমুখীর বীজ, অ্যাভোকাডো ও উদ্ভিজ্জ তেলে এটি পাওয়া যায়। নিয়মিত সেবনে ত্বকের বয়সের ছাপ ধীরগতিতে দেখা দেয়।
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অপরিহার্য। এটি ভেতর থেকে ত্বক হাইড্রেটেড রাখে এবং প্রদাহ কমায়। সামুদ্রিক মাছ (যেমন ইলিশ, স্যালমন), আখরোট ও তিসির বীজে ওমেগা-৩ রয়েছে। শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য এটি বিশেষভাবে কার্যকর।
জিংক খনিজটি ব্রণ কমাতে এবং ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। ডাল, বাদাম, বীজ ও গোটা শস্যে এটি পাওয়া যায়। নিয়মিত খেলে ত্বক থাকে পরিষ্কার ও স্বাস্থ্যকর।
প্রোটিনও ত্বকের সুস্থতায় গুরুত্বপূর্ণ, কারণ এটি কোলাজেন ও ইলাস্টিন তৈরিতে সহায়তা করে এবং ত্বকের গঠন ঠিক রাখে। মাছ, মাংস, ডিম, দুধ ও ডাল থেকে পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায়।
সবার আগে পানির কথা। পর্যাপ্ত পানি না খেলে ত্বক শুষ্ক ও নিষ্প্রভ হয়। প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস পানি পান করলে ত্বক সতেজ ও উজ্জ্বল থাকে।
সুন্দর ত্বকের জন্য বাইরের যত্নের পাশাপাশি ভেতরের যত্ন সমান গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য, পর্যাপ্ত পানি এবং স্বাস্থ্যকর জীবনযাপন ত্বককে দীর্ঘদিন প্রাণবন্ত রাখতে পারে। আজ থেকেই খাদ্যে এই পুষ্টিগুলো যোগ করুন এবং ভেতর থেকে যত্ন নিন।






