ঢাকার সিনেমাজগতের জনপ্রিয় দম্পতি অনন্ত জলিল ও বর্ষা গার্মেন্টস ব্যবসা থেকে অভিনয় ও প্রযোজনায় নাম করেছেন। কিন্তু সাম্প্রতিক ব্যবসায়িক সংকটের কারণে তারা সিনেমা থেকে বিরতি নিয়েছেন। এবার অনন্ত ইঙ্গিত দিয়েছেন যে, বর্ষা রাজনীতির ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল স্ত্রীর রাজনৈতিক আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি জানান, বর্ষা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। তাই মানুষের সেবার জন্য তার রাজনীতিতে আসা উচিত।
অনন্ত জলিল বলেন, ‘টুডে অর টুমরো বর্ষা হয়তো পলিটিকস করবেই। আমি আবারও বলি, বর্ষা রাজনীতিতে আসতে পারে। কারণ, নেত্রী হিসেবে সে ভালো—তার প্রশাসনিক দক্ষতাও ভালো। এতগুলো বছর ধরে তার যে আচরণ, মানুষের সঙ্গে মেশা—এসব দেখলে মনে হয় সে পারবে।’
অনন্ত আরও বলেন, ‘সে যখন গ্রামে যায়, কল্পনা করতে পারবেন না—সকালে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত, কখনো ৮-৯ ঘণ্টা ধরে মানুষের পাশে থাকে, নিজের হাতে সাহায্য করে। আমরা তো অনেক সময় কয়েকজনকে দায়িত্ব দিয়ে চলে যাই, কিন্তু সে তা করে না। এমনকি বাচ্চাদের স্কুলব্যাগের মতো ব্যাগে টাকা নিয়ে নিজে দাঁড়িয়ে ছয়-সাত-আট ঘণ্টা পর্যন্ত বিতরণ করে। তার মধ্যে দেশসেবার মতো ধৈর্য আছে।’
সবশেষে অনন্ত বলেন, ‘আমরা তো সব সময় নিরপেক্ষ থেকেছি, ভালো কিছুর পক্ষে থেকেছি। যদি আমি নিজে সৎ থাকি, তাহলে আমাকে দেশ ছাড়তে হবে কেন? সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।’






