যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি নিজেই এই ঘোষণা দেন।

পোস্টে আকবর হোসেন লিখেছেন, ‘ডিয়ার অল, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।’

তবে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই পদত্যাগ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পদত্যাগ কবে থেকে কার্যকর হবে বা তাঁর স্থলাভিষিক্ত কে হবেন—এসব বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।

এই প্রতিবেদক ফোনে আকবর হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘আমার মা ভীষণ অসুস্থ। এই মুহূর্তে আমার পরিবারকে সময় দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমি পদত্যাগ করেছি। আমার পদত্যাগপত্রে এই কারণটি উল্লেখ করেই পদত্যাগ করেছি। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।’

অন্তর্বর্তী সরকার আকবর হোসেনকে লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ করেছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি বিবিসি বাংলার ঢাকা অফিসে সাংবাদিক হিসেবে কাজ করতেন।