খুলনার পদ্মা ডিপোর ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় তেলসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার দুপুরে খালিশপুর থানাধীন এ ডিপোতে ঘটনাটি ঘটে।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, লরিচালক ইমরান, সহযোগী সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করছিল। তখনই এনএসআই সদস্যরা তাদের ধরে ফেলেন। এরপর ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬–এর ২০–এর ১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি সেল, পরিত্যক্ত সম্পত্তি সেল) উম্মে সালমা খানুন। মুক্তকণ্ঠকে তিনি বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোয় গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময় তেল চুরির অভিযোগ তাঁরা স্বীকার করেন। এর মূল হোতা ছিলেন লরিচালক। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়। অপরাধের ধরন বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়নি।