খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার দাবিতে ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে।

নিহত মিম্মি বেগম (৫০) ছিলেন ওই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করতেন। আজ সকাল আটটার দিকে নেশার টাকার দাবিতে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে তিনি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে মিম্মি বেগম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নেশার টাকা না পেয়ে ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।