ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দর্শকদের মন জয় করেছে। মুক্তির পর থেকে এটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, গত ১৮ দিনে কত দর্শক টিকিট কেটে সিনেমাটি দেখেছেন এবং কত আয় হয়েছে।
বাংলা সিনেমায় দর্শকসংখ্যা প্রকাশ্যে জানানোর ঘটনা খুব কম দেখা যায়। তবে এই ছবিটি শুধু দেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়ায় টিকিটের সংখ্যা জানা গেছে। পরিচালক ও প্রযোজনা সংশ্লিষ্টরা এই অর্জনকে দর্শকদের ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন।
পরিচালক তানিম নূর বলেন, “দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ, দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।” তিনি জানান, সিনেমাটি গত ১৮ দিনে ১ লাখের বেশি দর্শক টিকিট কেটে উপভোগ করেছেন।
প্রযোজনা সূত্রে আরও জানা যায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে এটি আয়ে এখন শীর্ষে রয়েছে। মুক্তির পর থেকে সিনেমাটি ৫ কোটি টাকার বেশি আয় করেছে। এছাড়া বিদেশের বাজারেও এটি সাড়া ফেলেছে। শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় হয়েছে ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় লাখ ডলার ছাড়িয়েছে।
‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজনায় হইচই স্টুডিওস।
সিনেমার গল্প নিয়ে পরিচালক তানিম নূরের ভাষ্যে, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ। নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।






