শুক্রবার সকালে বিশ্বের ১১৭ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুর মান ১৬৫। এই স্তরকে অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এই বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরেছে। প্রতিষ্ঠানটি নিয়মিত বায়ুর মানের তথ্য প্রকাশ করে। এই লাইভ সূচকগুলো নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা জানিয়ে মানুষকে সতর্ক করে।

গত বুধবার প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবারও কিছুটা বৃষ্টি পড়েছে। সাধারণত বৃষ্টিতে বায়ুর মান ভালো হয়। আজ আবার সাপ্তাহিক ছুটির দিন। এ দিনে যানবাহনের চলাচল কম থাকে এবং অনেক কলকারখানা বন্ধ থাকে। ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস এই যানবাহন ও কলকারখানার ধোঁয়া। এসব উৎস কম সক্রিয় থাকলেও আজ বাতাসে এত দূষণ রয়েছে।

আজ বায়ুদূষণে শীর্ষে ভিয়েতনামের হ্যানয়। এ নগরীর বায়ুর মান ১৭৬। ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ বায়ুদূষণে শীর্ষে গুলশানের বে’জ এইজ ওয়াটার। এ এলাকার বায়ুমান ২৩৭। এরপর গুলশান লেক পার্ক (১৯৫), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৭৮), বারিধারা পার্ক রোড (১৭৬), বারিধারা লেক সাইড (১৭৪), সাগুফতা (১৭৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৬১) এবং পুরান ঢাকার বেচারাম দেউড়ী (১৫৪)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।