সুন্দরবনের কাচিকাটা এলাকায় গত সোমবার রাতে ঝড়ে একটি নৌকা ডুবে যায় মধু আহরণকারী মৌয়ালদের। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে আরও চারজন এখনো নিখোঁজ।
বন বিভাগের সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় মধু সংগ্রহের সময় সোমবার রাত নয়টার দিকে মৌয়ালদের বহনকারী নৌকাটি ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। ভাসতে ভাসতে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে চার মৌয়ালকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। রাত নয়টার দিকে স্বজনেরা এসে তাঁদের বাড়িতে নিয়ে যান।
নিখোঁজ চার মৌয়াল হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আকবর মোল্লা, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান বলেন, "১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালেরা সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে নদীতে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় আটজন মৌয়াল ছিলেন। খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরের দিন জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। নিখোঁজ অপর চারজনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোস্টগার্ড ও বিজিবিকে জানানো হয়েছে।"






