পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রেপ্তার অভিযান চালানোর সময় এক পুলিশ সদস্যের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে গেছেন আসামি রাসেল ইসলাম (৩৩)। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য বনমালী রায় (৩০) তেঁতুলিয়া মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ জানায়, পলাতক রাসেল ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামে এক ব্যক্তির দুটি গরু চুরি হয়। পরবর্তীতে গরুর মালিক তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার করতে গতকাল বিকেলে তার বাড়ি ঘেরাও করে পুলিশের একটি দল পৌঁছে। রাসেল বাড়িতে লুকিয়ে আছে বলে তথ্য পেয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে অন্তত ১০ সদস্যের একটি দল বাড়ির চারপাশে অবস্থান নেয়। বাড়িতে একাধিক দরজা থাকায় রাসেলের দুই স্ত্রী পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে একটি দরজার পাশে দাঁড়ানো কনস্টেবল বনমালী রায়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রাসেল পালিয়ে যান। বনমালী গুরুতর আহত হলে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “রাসেল তালিকাভুক্ত গরু চোর। তাঁর বিরুদ্ধে ভ্যান ও গরু চুরির একাধিক মামলা আছে। রাসেলকে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করলে তিনি লোহার রড দিয়ে পুলিশ সদস্য বনমালীকে আঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় বনমালীর মাথা ফেটে গেছে। হাসপাতালে নেওয়ার পর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে আরেকটি মামলার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে তাঁকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।”