বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়লাভ করেছেন। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) হারিয়ে জয়ী হয়েছেন।

একই দিন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনেও বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল) জয় পেয়েছেন। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুই আসনেই ভোট গ্রহণ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাত নয়টার দিকে ঘোষিত ফলাফলে বগুড়া-৬ আসনে রেজাউল করিম ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান ৫৭ হাজার ১৫৯ ভোট পেয়েছেন।

উপনির্বাচন ঘিরে দিনভর জামায়াতের প্রার্থী আবিদুর রহমান নানা অভিযোগ তোলেন। দুপুরে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা বিএনপির পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছেন। ফলে মাগুরার মতো বগুড়া-৬-এ একটি প্রহসনের উপনির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হয়ে বগুড়া-৬ ছেড়ে দিলে উপনির্বাচন হয়। বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, উপনির্বাচনে ১৫১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৩ শতাংশ।

শেরপুর-৩ আসনে মোট ১২৯টি কেন্দ্রে (একটি পোস্টাল) ভোট গ্রহণ হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত সব কেন্দ্রের ফলাফলে মাহমুদুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন। জামায়াতের মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৪৭ হাজার ৫১ ভোট পেয়েছেন। বাসদের মিজানুর রহমান ৪৮০ ভোট পেয়েছেন। এখানে ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ।

বেলা পৌনে তিনটার দিকে সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান নির্বাচনকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে ভোট বর্জন ঘোষণা দেন। তিনি বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সিল দিতে বাধ্য করা, বুথ দখল, এজেন্টদের বের করে দেওয়া ও হামলার অভিযোগ তোলেন। হামলায় জামায়াতের এক নেতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত।