রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মোবাইলে কথা বলতে গিয়ে রেললাইন অতিক্রমের সময় ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন কুমার সরকার (৫৫)। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর বাশকাটা গ্রামে। তিনি ট্রাভেল এজেন্সির মধ্যস্থতাকারী হিসেবে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আবদুর রাজ্জাক আজ বৃহস্পতিবার মুক্তকণ্ঠকে বলেন, বুধবার রাতে স্বপন কুমার মুঠোফোন কানে ধরে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, স্বপন কুমার সপরিবার বগুড়ায় থাকতেন। কাজের প্রয়োজনে তিনি মাঝেমধ্যে ঢাকায় আসতেন। গতকালও তিনি চুক্তিবদ্ধ ট্রাভেল এজেন্সির কাজে ঢাকায় এসেছিলেন।
রেললাইনে এমন অসতর্কতায় প্রাণহানির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের ৩ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ইমরান মণ্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছিল।






