জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানার মৃত্যুতে দলটি শোক প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার এনসিপির পক্ষ থেকে এই শোকবার্তা জারি করা হয়। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদের পক্ষে রোকেয়া হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন রাফিয়া। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে যোগ দেন। তার দুই শিশুসন্তান রয়েছে।
পরিবারের সূত্র উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, “তাঁর এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। রাফিয়ার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল। তাঁর মৃত্যু দলের জন্য অপূরণীয় এক ক্ষতি।”
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।






