উত্তরাধিকারসূত্রে মায়ের কাছ থেকে মুন্নু গ্রুপের তিন কোম্পানির ১৮ কোটি টাকার সমমূল্যের শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই তিন কোম্পানিতে মায়ের শেয়ারগুলো তাঁর নামে হস্তান্তরিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানি তিনটি এই তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রী আফরোজা খানমের মা এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। তাঁর মৃত্যুর পর মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের শেয়ার উত্তরাধিকারসূত্রে আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়। ডিএসইতে কোম্পানি তিনটি আলাদাভাবে তথ্যটি প্রকাশ করেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, প্রয়াত হুরন নাহার রশিদের কাছ থেকে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তরিত হয়েছে। হুরন নাহার রশিদ ছিলেন এই তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তাঁর অবর্তমানে তিনি কন্যা ও বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী আফরোজা খানমকে উত্তরাধিকার মনোনীত করে যান। সেই অনুযায়ী তাঁর মৃত্যুর পর শেয়ারগুলো হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে মুন্নু অ্যাগ্রোর প্রতিটি শেয়ারের মূল্য ছিল ৩৪৭ টাকা। সেই হিসাবে আফরোজা খানমের পাওয়া ৮৪ হাজার ২৪৭টি শেয়ারের মূল্য প্রায় ৩ কোটি টাকা। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ৮২ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি শেয়ারের মূল্য প্রায় ৯ কোটি টাকা। মুন্নু ফেব্রিকসের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২১ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ারের মূল্য প্রায় ৬ কোটি টাকা। সব মিলিয়ে তিন কোম্পানির শেয়ারের মোট মূল্য প্রায় ১৮ কোটি টাকা। এই তিন কোম্পানির শেয়ারের দামই আজ কমেছে।

ডিএসইর তথ্য অনুসারে, আজ ঢাকার বাজারে মুন্নু অ্যাগ্রোর প্রতি শেয়ার ২ শতাংশ বা ৭ টাকা বেশি কমে ৩৪৭ টাকায় দাঁড়ায়। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের প্রতি শেয়ার ৪০ পয়সা বা আধা শতাংশ কমে প্রায় ৮২ টাকায়। মুন্নু ফেব্রিকসের প্রতি শেয়ার ৮০ পয়সা বা সাড়ে ৩ শতাংশ বেশি কমে ২১ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আফরোজা খানম মুন্নু গ্রুপের এবং তিন সহযোগী কোম্পানির চেয়ারম্যান ছিলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি পারিবারিক ব্যবসায়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। চেয়ারম্যানের দায়িত্ব নেন তাঁর স্বামী মইনুল ইসলাম।