আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্রিকেটে একাই ৯ উইকেট নিয়ে ইতিহাস রচনা করেছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। নারী বা পুরুষ যেকোনো আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এমন কীর্তি প্রথমবারের ঘটনা। কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে আজ এই অভূতপূর্ব রেকর্ড গড়েছেন তিনি।
নারী টি–টুয়েন্টিতে আগের সেরা রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার নামে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ছেলে-মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সবচেয়ে ভালো রেকর্ড ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশির। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
লেসোথোর বিপক্ষে লরা কারদোসো ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় ৯ উইকেট নেন। ম্যাচে আগে টস জিতে ব্যাট করে ২০২ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ব্রাজিল। তাড়া করতে নামা লেসোথোর ইনিংসে একাই ধস নামিয়ে দেন কারদোসো। দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক নিয়ে শুরু করেন তিনি। চতুর্থ ওভারে আরও ৪ উইকেট নিয়ে এগিয়ে যান। ষষ্ঠ ওভারে ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। দশ নম্বর উইকেটও পেতেন, কিন্তু মারিয়ান আর্তুর লেসোথোর শেষ উইকেট নিয়ে সেই সুযোগ চলে যায়।
কারদোসোর তোপে ৬.২ ওভারে মাত্র ১৩ রানে অলআউট হয় লেসোথো। ১৮৯ রানের বিশাল জয় নিশ্চিত করে ব্রাজিল। ৬ দল নিয়ে বতসোয়ানায় হচ্ছে কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্ট। এতে ব্রাজিল, বতসোয়ানা, লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।






