চট্টগ্রামের আনোয়ারায় টাকার দাবিতে বঁটি হাতে নিজের মাকে মারধর করেছে এক তরুণ। গতকাল বুধবার বিকেলে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত তরুণ অনলাইন গেমে আসক্ত।

অভিযুক্ত তরুণ মো. জাবেদ (১৮)। তিনি চুন্নাপাড়া এলাকার কালা গাজীর বাড়ির মৃত মো. ইয়াকুবের ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে জাবেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বঁটি হাতে জাবেদ মায়ের কাছে টাকা দাবি করছেন। মা আত্মরক্ষায় বঁটি কেড়ে নিতে গেলে জাবেদ তাকে বেশ কয়েক চড় মারেন। ভয়ে কাঁপতে কাঁপতে মা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘ন মারিস, আঁই তোরে টেয়া দিউম।’ (মারিস না, তোকে আমি টাকা দেব।)

প্রতিবেশী কয়েকজন জানান, গতকাল বিকেলে ঘটনার সময় জাবেদের ১৪ বছর বয়সী ছোট বোন ভিডিওটি ধরেছিল। তার কাছ থেকে সংগ্রহ করে এলাকার কেউ একজন অনলাইনে ছড়িয়ে দেন। ঘটনার পর পুলিশ বাড়িতে গেলেও মা ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

প্রতিবেশীরা বলেন, জাবেদ দীর্ঘদিন ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেমে আসক্ত। গেমের জন্য টাকা চাইতে সে প্রায়ই মা-বোনের ওপর হামলা করত। এ ঘটনার পর জাবেদ গা ঢাকা দিয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মায়ের সঙ্গে কথা বলেছি। মুঠোফোনে গেম আসক্তির কারণে ঘটনাটি ঘটেছে। আমরা জাবেদকে আটকের চেষ্টা করছি।’