বাংলাদেশে এসি চালানোর সঙ্গে জড়িত অসংখ্য উদ্বেগ। লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজের অস্থির ওঠানামা যেকোনো সময় দামি যন্ত্রপাতি পুড়িয়ে দিতে পারে।
আগে এসি কেনার সঙ্গে বড় আকারের স্ট্যাবিলাইজার ফ্রি পাওয়া যেত বা আলাদা কিনতে হতো। কিন্তু এখন বাজারে আনা আধুনিক স্মার্ট এসিগুলো বিদ্যুৎ অস্থিরতায় নিজের সুরক্ষা নিজেই নিশ্চিত করছে।
দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব এবং লাইনে ভোল্টেজের হঠাৎ পরিবর্তন এসির কম্প্রেসরের উপর অতিরিক্ত চাপ ফেলে। ভোল্টেজ কমে গেলে কম্পেসর চালু হয় না, অতিরিক্ত গরম হয়। অন্যদিকে হঠাৎ বেড়ে গেলে অভ্যন্তরীণ সার্কিট পুড়ে যাওয়ার ঝুঁকি। এই সমস্যা সমাধানে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট এসিতে যুক্ত হয়েছে ‘হাই ভোল্টেজ প্রটেকশন’ প্রযুক্তি।
আধুনিক স্মার্ট এসিগুলোতে ব্যবহৃত অত্যন্ত শক্তিশালী ও সংবেদনশীল প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি)কে ‘এসির মস্তিষ্ক’ বলা যায়। আগের সাধারণ পিসিবি নির্দিষ্ট সীমার বাইরে ভোল্টেজ সামলাতে পারত না, কিন্তু স্মার্ট এসির পিসিবি ১৫০ থেকে ২৮০ ভোল্ট (মডেলভেদে ভিন্ন হতে পারে) পর্যন্ত ওঠানামা সহজেই নিয়ন্ত্রণ করে। এটি বিদ্যুৎপ্রবাহের গতিবিধি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করে এবং অস্বাভাবিকতা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
স্মার্ট এসির অভ্যন্তরীণ সেন্সরগুলো বিদ্যুতের ভোল্টেজ নিরন্তর মনিটর করে। এর ফলে এসি নিজেকে বিভিন্নভাবে সুরক্ষিত রাখে। যেমন—
পাওয়ার রেগুলেশন: ভোল্টেজ সামান্য ওঠানামা হলে পিসিবি নিজেই বিদ্যুৎপ্রবাহ নিয়ন্ত্রণ করে যন্ত্রাংশগুলোকে চালু রাখে।
অটোমেটিক কাট-অফ: ভোল্টেজ সহনসীমার বাইরে গেলে সেন্সর তাৎক্ষণিকভাবে কম্প্রেসর ও মাদারবোর্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে কোনো যান্ত্রিক ক্ষতি হয় না।
অটো রিস্টার্ট: ভোল্টেজ স্বাভাবিক হলে এসি নিজে থেকে চালু হয়ে যায়, ব্যবহারকারীকে রিমোট চাপার ঝক্কি থেকে মুক্তি দেয়।
নতুন প্রজন্মের স্মার্ট এসিগুলো এমনভাবে তৈরি যে আলাদা স্ট্যাবিলাইজারের দরকার পড়ে না। এটাকে বলা হয় ‘স্ট্যাবিলাইজার ফ্রি অপারেশন’। এর সুবিধা—
সাশ্রয়: অতিরিক্ত টাকা খরচ করে স্ট্যাবিলাইজার কিনতে হয় না।
সৌন্দর্য: ঘরের দেয়ালে এসির পাশে বড় কুৎসিত যন্ত্র ঝুলিয়ে রাখতে হয় না।
বিদ্যুৎ সাশ্রয়: স্ট্যাবিলাইজার নিজেও বিদ্যুৎ খরচ করে, এটি না থাকায় মাসিক বিল কম আসে।
ভালো মানের এসি এক দশকেরও বেশি সময় চলে যদি কম্প্রেসর সুরক্ষিত থাকে। স্মার্ট এসির এই অন্তর্নিহিত প্রটেকশন সিস্টেম যান্ত্রিক ত্রুটির ঝুঁকি প্রায় শূন্য করে দেয়। ফলে মেরামত বা যন্ত্রাংশ বদলানোর খরচের চিন্তা থাকে না।
প্রযুক্তি এখন জীবনকে সহজ ও টেকসই করার দিকে অগ্রসর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বৈরী বিদ্যুৎ–ব্যবস্থার কথা মাথায় রেখে হাই ভোল্টেজ প্রটেকশনযুক্ত স্মার্ট এসি কেবল বিলাসিতা নয়; বরং একটি দীর্ঘস্থায়ী বিনিয়োগ। যাঁরা চলমান গরমে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য কেবল কুলিং ক্ষমতা নয়; বরং প্রটেকশন সিস্টেম ও পিসিবির গুণমান যাচাই করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।






