আধুনিক সভ্যতার সঙ্গে দূষণও বেড়ে চলেছে। ধুলো, ধোঁয়া এবং অদৃশ্য জীবাণু বাতাসকে শ্বাসপ্রশ্বাসের জন্য অনিরাপদ করে তুলছে। গরমকালে দীর্ঘক্ষণ ঘরের বদ্ধ পরিবেশে এসির আড়ালে থাকার কথা ভেবে অনেকেরই বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ হয়। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে এসির ভিতরে ধুলো, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব জমে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

প্রযুক্তির অগ্রগতি এই উদ্বেগ অনেকাংশে কমিয়েছে। আধুনিক স্মার্ট এসিগুলোতে উন্নত ফিল্টার এবং এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি যুক্ত হয়েছে, যা বাতাস থেকে ধুলো, অ্যালার্জেন এবং ক্ষতিকর অণুজীব দূর করে।

নগরায়ণের প্রভাবে ঘরের ভিতরের বাতাস বাইরের তুলনায় কম দূষিত নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই সমস্যা সমাধানে গ্লোবাল ও দেশীয় শীর্ষ ব্র্যান্ডগুলো এসিতে উন্নত এয়ার পিউরিফিকেশন সিস্টেম যুক্ত করছে। বাজারের স্মার্ট এসিগুলো পিএম ২.৫ ফিল্টার ব্যবহার করে অতি ক্ষুদ্র ধূলিকণা আটকায়। ফলে ঘর শুধু শীতল হয় না, হয়ে ওঠে জীবাণুমুক্ত সতেজ স্থান।

অনেক ব্র্যান্ড তাদের স্মার্ট এসিতে ইউভিসি স্টেরিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করছে, যা বাতাস থেকে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া নির্মূল করে। জনপ্রিয় ব্র্যান্ডগুলো নতুন মডেলে মাল্টি-লেয়ার হেলথ ফিল্টারের উপর জোর দিচ্ছে, যা ধুলোর পাশাপাশি দুর্গন্ধও দূর করে।

হায়ার বাংলাদেশ লিমিটেডের হেড অব প্রোডাক্ট (এসি) মুহাম্মাদ মুনিম মুক্তকণ্ঠকে বলেন, ‘বর্তমান সময়ে পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঘরের ভেতরের বাতাসের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক স্মার্ট এসিগুলোতে থাকা ইউভিসি প্রো স্টেরিলাইজেশন মূলত ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সহায়তা করে। ফলে এসি থেকে বের হওয়া বাতাস শুধু ঠান্ডাই নয়, বরং অনেক বেশি পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ফুসফুসের সুরক্ষায় এটি একটি বড় সুবিধা।’

বাতাস ঠান্ডা বা ধুলোমুক্ত করার পাশাপাশি ঘরের আর্দ্রতা সঠিক মাত্রায় রাখা স্বাস্থ্যের জন্য অপরিহার্য। অতিরিক্ত আর্দ্রতা ভ্যাপসা গরমের অনুভূতি দেয় এবং ছাতা বা ফাঙ্গাস জন্মায়। আধুনিক স্মার্ট এসিতে স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রণ বা ড্রাই মোড রয়েছে, যা বর্ষায় ঘরকে স্নিগ্ধ রাখে এবং বাতাসের জলীয়বাষ্পের ভারসাম্য বজায় রাখে। ফলে দীর্ঘ এসি ব্যবহারেও শরীর অবসন্ন হয় না, ত্বক ও শ্বাসপ্রশ্বাস সতেজ থাকে।

এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার না করলে তা ক্ষতিকর। তবে স্মার্ট এসিতে অটো-ক্লিন ফিচার রয়েছে। মুহাম্মাদ মুনিম বলেন, ‘স্মার্ট এসির সেলফ-ক্লিনিং প্রযুক্তি ইভাপোরেটরের ভেতরে জমে থাকা ধুলা ও আর্দ্রতা দূর করতে ফ্রিজিং ও ড্রাইং প্রক্রিয়া ব্যবহার করে। এতে এসির অভ্যন্তরীণ অংশ স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকে এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া জমার ঝুঁকি কমে যায়। এটি নিয়মিত পরিষ্কারের ঝামেলা কমানোর পাশাপাশি দীর্ঘ মেয়াদে এসির পারফরম্যান্সও ভালো রাখে।’

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে পরিবেশ দূষণ বাড়ছে, যা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। স্মার্ট এসির হেলথ ফিল্টার ও অ্যান্টি-ভাইরাস প্রযুক্তি গ্রাহকদের নিরাপদ স্বাস্থ্যকর আবাস নিশ্চিত করছে। সংশ্লিষ্টরা বলছেন, ঘর শীতল করার পাশাপাশি পরিবারের ফুসফুস সুরক্ষায় এই প্রযুক্তি সুস্থ জীবনযাপনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।